ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, স্মার্ট বাংলাদেশের রাজধানী হিসেবে ‘স্মার্ট ঢাকা’ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কাজ করছে। আমরা ঢাকাকে একটি আবাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব। একটি স্মার্ট ঢাকা হিসেবে গড়ে তুলব।
রোববার (১ জানুয়ারি) মালিবাগের আবু জর গিফারি কলেজ মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ৬ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী একটি সংস্থা। গত ৩০ বছর যে উন্নয়ন হয়নি গত দুই বছরে আমরা তা করেছি। এখানকার কাউন্সিলরের তত্ত্বাবধানে আমরা গণমুখী কাজ করে চলেছি। এই ওয়ার্ডের উন্নয়ন যা প্রয়োজন হবে, আপনারা কাউন্সিলরকে জানাবেন। আমার সে অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করব। আজকে আমরা বছরের প্রথম দিন আপনাদের কাছে এসেছি। সুখ-দুঃখে আমরা সারা বছরই আপনাদের পাশে থাকব।
শেখ তাপস আরও বলেন, এই শীতবস্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের হাহাকার শোনেন, অন্তরে ধারণ করেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করেন। তিনি সবার খোঁজখবর রাখেন।











