নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ধারালো দা নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে রায়হান খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার দেওভোগ নাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, জরুরি নাম্বারে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়- নিহত রায়হানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একজন চাঁদাবাজ, সন্ত্রাসী ও ছিনতাইকারী এবং মাদকসেবী। তার অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ।
তিনি আরও জানান, স্থানীয় গ্যারেজ মালিকের কাছ থেকে সকালে ১ হাজার ৫শ টাকা চাঁদা নেয় এবং পরবর্তীতে হোটেল কর্মচারীর কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রায়হান বাসা থেকে ধারাল দা নিয়ে এসে হোটেল কর্মচারীকে মারধর করতে থাকে। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রায়হানকে গণপিটুনি দেয় এবং দা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, স্থানীয় লোকজনের বক্তব্যে জানা যায়, রায়হানসহ তারা চার ভাই। চারজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তারা সবাই সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী এবং মাদকসেবী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিহত রায়হান চাঁদপুর জেলার চাঁদপুর থানার বহরিয়া গ্রামের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফতুল্লার তাঁতীবাড়ি এলাকার ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন।











