জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না সেইসঙ্গে এর জবাবও দেবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে এক বক্তব্যে এ তিনি সতর্কবাণী উচ্চারণ করেন।
তিনি বলেন, আমরা নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছি। তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আশা করছি তারা এ বিষয়টি উপলব্ধি করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে এবং আমরা অবশ্যই জবাব দেব।
এদিকে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস বলেছে, আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার যেসব কথা বলছে সে ব্যাপারে রাশিয়া নীরব থাকবে না।
ওই দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন শুরু করেছে আমেরিকা; রাশিয়া নয়। আমরা নিষেধাজ্ঞার হুমকির বিপরীতে পশ্চাদপসরণ করতে রাজি নই।
সূত্র: পার্সটুডে










