spot_img

জাগপা ছাত্রলীগ হয়ে গেলো ছাত্র কাফেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপার ছাত্রসংগঠন জাগপা ছাত্রলীগের নাম পরিবর্তন করা হয়েছে। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৮০ সাল থেকে ব্যবহৃত ‘জাগপা ছাত্রলীগ’ নামটি বাদ দিয়ে এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী এ সিদ্ধান্তের কথা জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

এ বিষয়ে আব্দুর রহমান ফারুকী বলেন, ‘জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপার ছাত্রসংগঠন হিসেবে পরিচিত।’

তিনি বলেন, ‘১৯৯০ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।’

নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে আব্দুর রহমান ফারুকী বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে ছাত্রলীগ নামের প্রতি এক দুর্বিষহ ঘৃণার জন্ম হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে “ছাত্রলীগ” শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।’

জাগপার এ ছাত্রনেতা আরও উল্লেখ করেন, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্রসংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে রূপান্তরিত হয়।

তিনি বলেন, ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন। পরে তারা ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন, যা ১৯৮০ সালে ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ