spot_img

সরকারি উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

সরকারি উদ্যোগে দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা/জোন পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর), ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর)।

জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম স্থান অধিকারী পাবেন দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী এক লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী এক লাখ টাকা। বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্রও প্রদান করা হবে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

অংশগ্রহণে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে সাদা কাগজে আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশনের নিজ নিজ জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিতে হবে। নাম নিবন্ধনের শেষ তারিখ ৩১ মার্চ।

আগামী ১ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ