পাকিস্তানের বেলুচিস্তানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস্তুচ্যুত হয়েছেন শত শত মানুষ ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানায়।
পিডিএমএর তথ্য অনুযায়ী, সবশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে লোরালাইয়ে। সেখানে বন্যার পানিতে ডুবে দুই শিশু মারা যায়। এছাড়া লোরালাই ও ঝোব এলাকায় ছাদ ও দেয়াল ধসে নারী-শিশুসহ আরো অনেকে আহত হয়েছেন।
সংস্থাটি জানায়, গত ২০ মার্চ থেকে টানা বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত নয় জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তাদের মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া, বজ্রপাত এবং ঘরের ছাদ ও দেয়াল ধসে পড়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অব্যাহত ভারী বর্ষণে বিভিন্ন জেলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ফসল নষ্ট হয়েছে। কাচ্ছি, ঝোব, কিলা আবদুল্লাহ ও হারনাই জেলায় অন্তত ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১২২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। কাচ্ছিতে সবচেয়ে বেশি, প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: ডন











