২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় সংগঠনটির সদ্য সাবেক সহকারী মহাসচিব মুফতী শাখাওয়াত হোসাইন রাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৫ মে) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এর আদালত এই আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে মুফতী শাখাওয়াত হোসাইন রাজীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর ২০১৩ সালের মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় তার সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেক মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে মুফতী শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।












