২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় সংগঠনটির সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৫ মে) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এর আদালত এ রায় দেন।
এদিন মাওলানা আতাউল্লাহ আমিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের রমনা ও শাহবাগ থানার পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ এপ্রিল তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।












