আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বন্যায় শত শত বাড়িঘর ধ্বংস এবং আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত এক কর্মকর্তা বৃষ্টি-বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগাযোগ ও তথ্য বিভাগের প্রধান হাসিবুল্লাহ শেখাইনি বলেছেন, ১২টি প্রদেশে বন্যা ও ঝড়ো বৃষ্টিতে অন্তত ২২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বৃষ্টি এবং বন্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদঘিস, ফারিয়াব এবং উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশ সবেচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, বৃষ্টি ও বন্যায় ৫০০ বাড়িঘর ধ্বংস, ২০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ৩০০টি গবাদিপশুর মৃত্যু এবং প্রায় ৩ হাজার একর জমির শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস সহায়তা করছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে প্রচণ্ড খরার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। জলবায়ু পরিবর্তনের ফলে দেশটির খরা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। খরার কারণে পণ্যের উৎপাদন কমে যাওয়ায় দেশটিতে গুরুতর খাদ্য ঘাটতির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।









