তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৬ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের শুভেচ্ছা পৌঁছে দেন।
হাকান ফিদান বলেন, তার এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।
দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ‘ফরেন অফিস কনসালটেশন’ আয়োজনের বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি যৌথ পরামর্শ কাঠামো বা কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। বিশেষ করে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও শিল্প সহযোগিতা, পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।










