পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তার পরাজয়কে চ্যালেঞ্জ করে মমতা যে মামলা দায়ের করেছিলেন, তারই সাথে সম্পৃক্ত একটি আবেদন করার জন্য আদালত তাকে এই জরিমানা করেছে।
মমতার মূল মামলাটি যে এজলাসে বিচারের জন্য গিয়েছিল, তার বিচারক বদল চেয়ে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী।
ওই বিচারক, কৌশিক চন্দ বিচারপতি হওয়ার আগে বিজেপির সাথে যুক্ত ছিলেন, যে কারণে তিনি ন্যায়বিচার পাবেন না মনে করে বিচারক বদল করতে চেয়ে আবেদন করেছিলেন মমতা। বিচারপতি চন্দের কাছেই সেই আবেদন করেছিলেন তিনি।
বুধবার (৭ জুলাই) মুখ্যমন্ত্রীর আবেদনটি খারিজ করে দিয়ে বিচারক মন্তব্য করেছেন, তিনি মনে করেন না যে এই মামলায় তার দিক থেকে কোনো স্বার্থের সংঘাত ছিল।
রায় দিতে গিয়ে বিচারক কৌশিক চন্দ বলেছেন, প্রত্যেক ব্যক্তিরই রাজনৈতিক ঝোঁক থাকতে পারে। কিন্তু এটা ভাবা অত্যন্ত ভুল যে একজন বিচারক নির্লিপ্ত না হয়ে তার কর্তব্য পালন করতে ব্যর্থ হবেন।
এই ক্ষেত্রে নিরপেক্ষতার প্রকাশ একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে দেখলে চলবে না বলেও তিনি মন্তব্য করেছেন রায়ে।
সূত্র : বিবিসি











