দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ ঠেকাতে হোটেল, গেস্ট হাউস ও ছাত্রাবাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ৮ থেকে ১১ অক্টোবরের মধ্যে দিল্লির বাইরে থেকে আসা ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিশেষ করে ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের বড় দল একসঙ্গে অবস্থান করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) যন্তরমন্তরে সিজেপির কর্মসূচি ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হাজারো সদস্য মোতায়েন করা হয়েছে।
দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগসংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। ‘যন্তর মন্তর ২.০’ নামের কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা যোগ দিতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন।
যন্তর মন্তরের আশপাশে শুক্রবার রাত থেকেই মাইকিং করছে পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে বিস্তীর্ণ এলাকায়। এসব এলাকায় বড় জমায়েতসহ নির্দিষ্ট কিছু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। লাউড স্পিকারে বারবার নিষেধাজ্ঞার কথা জানানো হচ্ছে।
জনপথ ও কর্তব্যপথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
বিক্ষোভের কারণে গণপরিবহনেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথমে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা পরিবর্তন করে ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। এসব স্টেশনে আন্তঃসংযোগ ব্যবস্থা চালু থাকলেও নয়াদিল্লি মেট্রো স্টেশনে তা থাকবে না।
এ ছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট ২৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন রয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশও পরিস্থিতি অনুযায়ী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারে বলে জানিয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস











