ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়জী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঝালকাঠির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাঁকে দাফন করা হবে বলে জানা যায়।
মাওলানা ফয়জী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিলেন। একজন প্রবীণ রাজনীতিবিদ, আলেম ও সমাজনেতা হিসেবে তিনি দেশব্যাপী সুপরিচিত ছিলেন।
উল্লেখ্য, তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনে আমির মুফতি রেজাউল করীম ও নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।









