আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিন্ধুর মধ্যে বিন্দুর পদত্যাগে কিছু আসে-যায় না। এতে সংসদের কিছুই হবে না। জাতীয় পার্টির ২৬ জন এমপি সংসদে আছেন, তারা যাচ্ছেন না।
তিনি বলেন, এই পরামর্শ বিএনপিকে যারা দিয়েছে তারা অচিরেই পস্তাবে।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক নিচে, এটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব না। বিএনপির সমাবেশ নিয়ে আতঙ্ক ছিল। ১০ তারিখ চলে গেছে, সব ভয়ের মেঘ চলে গেছে।
আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ভদ্র দল। এখানে খালেদা জিয়ার নামও বেগম খালেদা বলার চর্চা চলছে।
এসময় আমেরিকার সমালোচনা করে তিনি বলেন, আজকে দূতাবাসও পুলিশের ওপর হামলায় উদ্বেগ জানায়। যুক্তরাষ্ট্রে প্রতিদিন নারী ধর্ষিত হয়, তখন কোথায় যায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার।
এ ছাড়া ফিলিস্তিনে প্রকাশ্যে হত্যা করা হলো, কী বিচার করেছে আমেরিকা? ইসরাইলকে আদর করেন, তাদের অন্যায়ের বিচার করেন না, তখন মানবাধিকার কোথায় যায়?
তিনি বলেন, উন্নয়ন আর অর্জনে শেখ হাসিনার বিকল্প নেই। ৭৫ এর পরে বাংলাদেশে এতো ভালো মানুষ জন্মায়নি।











