spot_img
spot_img

শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাবকে বাদ দেওয়ার আহ্বান ১২টি মানবাধিকার সংস্থার

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের বিশেষায়িত বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‍্যাব) বাদ দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে ১২টি মানবাধিকার সংস্থা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেন পিয়েরে ল্যাকরইক্সের কাছে পাঠানো এই চিঠিটি প্রকাশ করা হয়েছে।

চিঠিতে র‍্যাবের বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। গত বছরের ৮ নভেম্বর চিঠিটি পাঠানো হয়। তবে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কর্তৃপক্ষ।

চিঠি দেওয়া সংস্থগুলো হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলানটারি ডিজঅ্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পারসিটিসিপেশন, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনা ফেডারেশন ফর হিউম্যান রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, দ্য অ্যাডভোকেটস ফর হিউম্যান রাইটস, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)।

মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেরি কেনেডি বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যদি জাতিসংঘের শান্তিরক্ষীদের মাধ্যমে মানবাধিকার হরণের অবসানের বিষয়ে আন্তরিক হয়ে থাকেন তাহলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মতো যাদের বিরুদ্ধে নিপীড়নের প্রমাণিত অভিযোগ রয়েছে তাদের বাদ দেওয়া নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, প্রমাণ স্পষ্ট, এখন জাতিসংঘের দাগ টেনে দেওয়ার সময়।

গত ১০ ডিসেম্বর র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। র‍্যাবের মানবাধিকার হরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ