spot_img
spot_img

ইউক্রেনে রুশপন্থি নেতাকে ক্ষমতায় আনতে চায় মস্কো, অভিযোগ ব্রিটেনের

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এনেছে বিট্রেন । দেশটির অভিযোগ, ইউক্রেনে রুশপন্থি নেতাকে ক্ষমতায় বসাতে কাজ করছে মস্কো। একইসঙ্গে হামলার পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের সাবেক কয়েকজন রাজনীতিকের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা যোগাযোগ করছে বলেও অভিযোগ করেছে দেশটি।

শনিবার (২২ জানুয়ারি) মস্কোর বিরুদ্ধে ব্রিটেন এই অভিযোগ সামনে আনে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করলেও এর সমর্থনে কোনো প্রমাণ সামনে আনেনি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের এমন অভিযোগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই বলে আসছে মস্কো।

শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশপন্থি নেতৃত্বের সম্ভাব্য প্রধান হিসেবে দেশটির সাবেক আইনপ্রণেতা ইয়েভহেন মুরায়েভকে রাশিয়ার সরকার বিবেচনা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

টুইটারে দেওয়া এক বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, ‘ইউক্রেনের ক্ষমতায় রুশপন্থি কোনো নেতাকে বসানোর ব্যাপারে ক্রেমলিনের ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। ক্রেমলিন জানে যে, ইউক্রেনে সামরিক হামলা চালানো হলে সেটি হবে কৌশলগতভাবে বড় ধরনের ভুল এবং ব্রিটেন ও এর মিত্ররা রাশিয়ার কাছ থেকে চড়া মূল্য আদায় করে ছাড়বে।’

রয়টার্স বলছে, মস্কো ও কিয়েভের স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) গভীর রাতে রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে ব্রিটেনের এই বক্তব্য প্রকাশ করা হয়। আর তাই তাৎক্ষণিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন এবং ইউক্রেনের সাবেক আইনপ্রণেতা ইয়েভহেন মুরায়েভের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ