নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় জাহিন নিটওয়্যার্স লিমিটেড নামে রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কেন হয়েছে তা জানা যায়নি। আগুনের খবর পেয়ে বন্দর, সোনারগাঁ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তিনটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। তাদের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে সোনারগাও ও রুপগঞ্জ থেকে আরও ৬টি ইউনিট পরে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ ফায়ার স্টেশনের ডিউটিম্যান মুহাম্মাদ আকরাম হোসেন বলেন, সর্বশেষ (সন্ধ্যা পৌনে ৭টা) ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সোনারগাঁ থেকে তিনটি, ডেমরা থেকে দু’টি, আদমজী থেকে দু’টি, নারায়ণগঞ্জ সদর থেকে একটি, বন্দর থেকে একটি, গজারিয়া থেকে একটি, ঢাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
তিনি বলেন, শুক্রবার হওয়ায় কারাখানায় ছুটি ছিল। ভেতরে কেউ আছে কি না আমরা এখনো নিশ্চিত নই। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে না এলে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হতে পারে।










