ইউক্রেন-রাশিয়া ইস্যুতে অযথা আতঙ্ক না ছড়াতে পশ্চিমাদের সাফ জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেন-রাশিয়া ইস্যু নিয়ে মার্কিন মিডিয়া, ন্যাটো ও জো বাইডেন সরকারের মাতামাতিতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। ইউক্রেনে যেকোনও সময় হামলা হতে পারে, এ ধরনের কথা বলায় আমাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা বলেই যাচ্ছেন, আগামীকালই যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এমন কথা শুধু প্যানিক ছড়ায়। এটা আমাদের কত বড় ক্ষতির কারণ তা কি তারা জানেন?
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সরকারের রাষ্ট্রদূত ও তাদের পরিবারকে ফিরিয়ে নেওয়ার বিষয়েও সমালোচনা করেন। জেলেনস্কি বলেন, দেশের ভেতরের এমন অস্থিতিশীলতাই এখন ইউক্রেনের জন্য বড় হুমকি।











