spot_img
spot_img

রাশিয়ার উদ্বেগের জবাব দেয়নি ন্যাটো ও আমেরিকা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর নিরাপত্তা গ্যারান্টির দাবির যে জবাব পাশ্চাত্য দিয়েছে তাতে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ক্রেমলিনের মূল উদ্বেগগুলোর উত্তর দেওয়া হয়নি।

শুক্রবার (২৮ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ কথা বলেন।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়া সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল। বৃহস্পতিবার আমেরিকা ও ন্যাটো জোট আলাদাভাবে রাশিয়ার ওই দাবির লিখিত জবাব দিয়েছে বলে ক্রেমলিন জানিয়েছিল। কিন্তু মস্কো সে লিখিত জবাব পড়ার পর বলছে, রাশিয়া যা দাবি করেছিল লিখিত জবাবে তার কিছু উল্লেখ করা হয়নি।

টেলিফোনালাপে পুতিন বলেন, রাশিয়ার মৌলিক উদ্বেগের জায়গাগুলোতে আমেরিকা বা ন্যাটো কোনো জবাব দেয়নি। আমাদের অন্যতম উদ্বেগ ছিল পূর্বদিকে ন্যাটোর বিস্তার রোধ এবং রাশিয়ার সীমান্তে বিপজ্জনক সমরাস্ত্র মোতায়েন না করা। কিন্তু এ বিষয়ে আমেরিকা বা ন্যাটো কোনো বক্তব্য দেয়নি।

পুতিন আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা উদ্বেগ প্রশমিত না করে ইউরোপের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে রাশিয়ার এমন প্রশ্নেরও কোনো উত্তর আমেরিকা বা ন্যাটো দেয়নি।

ফরাসি প্রেসিডেন্টকে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আমেরিকা ও ন্যাটোর জবাব আরও ভালোভাবে পড়ে দেখবেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ