বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেল ব্রাজিল থেকে আমদানি করা হয়। তাই সেখানে দাম বাড়লে দেশে ভোজ্যতেলের দাম আরও বাড়তে পারে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে পণ্যের দাম প্রায় সময়ই বাড়ে। এবারের আসন্ন রমজান ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে। খোলাবাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির পরিমাণও ডাবল করা হবে।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।










