বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে। এরই অংশ হিসেবে মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, লালমনিরহাটের ব্র্যান্ডিং ফসল ভুট্টার চাষাবাদ ব্যাপক। তাই এ জেলায় ভুট্টাজাত শিল্পকারখানা প্রতিষ্ঠার কাজ চলছে। সেই সঙ্গে জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান।
বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তা নদী ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সাড়ে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়ন হলে তিস্তাপাড় তথা রংপুর বিভাগের যথেষ্ট উন্নতি ঘটবে।










