আমেরিকার পূর্ব উপকূল জুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলা করতে দেশটি প্রস্তুতি নিচ্ছে। ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।
ঝড়ের তীব্রতার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
যে বোস্টন শহর প্রায়শই তুষারঝড়ের কবলে পড়ে থাকে তার মেয়র মিশেল উ বলেছেন আসন্ন ঝড়টি “ঐতিহাসিক” হতে পারে।
বলা হচ্ছে নিউ ইংল্যান্ড রাজ্য দুই ফুটেরও বেশি গভীর বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া কর্মকর্তারা পূর্ব উপকূল জুড়ে বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।
পূর্বাভাস দিতে গিয়ে তারা বলছেন নরইস্টার নামে পরিচিত এই ঝড়ে বোস্টন অঙ্গরাজ্য ৬১ সেন্টিমিটার পুরু বরফের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০০৩ সালে এরকম এক ঝড়ে ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে ৭০ সেন্টিমিটার পুরু রেকর্ড পরিমাণ বরফ পড়েছিল। শুক্র থেকে রবিবারের মধ্যে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের তীব্রতা এতো দ্রুত বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূল জুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়ের ঠাণ্ডা বাতাস যখন সমুদ্রের উষ্ণ বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলের চাপ দ্রুত গতিতে হ্রাস পায় তখন সেই পরিস্থিতিকে বলা হয় বম্বোজেনেসিস।
সূত্র: বিবিসি।











