রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট ব্যবহার করতে না দেওয়ার অর্থ হবে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্ক ছিন্ন করা।
শনিবার (২৯ জানুয়ারি) মস্কোয় এক বক্তব্যে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতির জন্য মস্কো নিজেকে প্রস্তুত রেখেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রাশিয়ার জন্য সুইফট বন্ধ করে দেওয়ার অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা যা কারো স্বার্থ রক্ষা করবে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর জবাবে একদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পাশ্চাত্য নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে।
সূত্র: পার্সটুডে











