আফগানিস্তানে এক ব্যক্তিকে পণবন্দি করে অর্থ আদায়ের অভিযোগে উজবেক কমান্ডার মাখদুম আলমকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা বাহিনী। এ প্রসঙ্গে আফগান প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব বলেন, আদালতে প্রমাণ হবে মাখদুম আলম দোষী নাকি নিরপরাধ। তিনি মাখদুম আলমকে অপরাধী না বলে অভিযুক্ত বলার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
শনিবার (২৯ জানুয়ারি) ফারিয়াব প্রদেশে তালেবান কমান্ডারদের এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের আইন ও বিচার বিভাগের অধিকার রয়েছে যেকোনো অভিযুক্তকে আটক করার। যদি তার অপরাধ প্রমাণিত হয় তাহলে কারো প্রতিবাদ জানানোর অধিকার নেই। যদি কেউ বিরোধিতা করে তাহলে সে ইমারাতে ইসলামী আফগানিস্তানের প্রতি বিশ্বাসঘাতকতা করল।
আফগান প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি মাখদুম আলম নিরপরাধ হয় তাহলে আমরা তার পাশে দাঁড়াব। আর যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে আমি নিজে তাকে শাস্তি দেব; একবারও দেখব না সে পশতুন না উজবেক নাকি অন্য কোন জাতিগোষ্ঠীর লোক।
সূত্র: পার্সটুডে











