পুলিশের গুলিতে নিহত বহুল আলোচিত মেজর সিনহার হত্যা মামলার রায় হবে আজ। মামলার রায়কে কেন্দ্র করে ইতোমধ্যে কক্সবাজার দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ ইসমাইল এ মামলার রায় ঘোষণা করতে পারেন বলে জানা যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকালেই আদালতে প্রবেশের দুটি ফটকে অবস্থান নিয়ে সাত স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছেন। অপ্রয়োজনীয় যানবাহন নিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে সেটি দেখা হচ্ছে। বিচারপ্রার্থী ছাড়া কাউকে আজ আদালতে ঢুকতে দেয়া হচ্ছে না।
আদালতরর প্রবেশ পথ, জেলা প্রশাসক কার্যালয় এলাকা ও কাঁচা বাজার এলাকায় পুলিশের মোট ছয়টি চেকপোস্ট বসানো হয়েছে।
আদালত এলাকায় ৮০ জনের মত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে সদর থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি পুলিশের একটি দলকে ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।
সকাল ৯টার কিছু আগ থেকেই আলোচিত এই মামলার আসামিদের স্বজনরা আদালতে আসতে শুরু করেন। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও রয়েছেন। এ মামলায় আসামির তালিকায় রয়েছেন টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জন। বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে।











