পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশ এগিয়ে যাক, মানুষ ভাল থাকুক, এগুলো বিএনপি চায় না। আসলে কোনো কিছুই বিএনপির ভাল লাগে না। তাদের হৃদয়ে রয়েছে পেয়ারে পাকিস্তান। বাংলাদেশের কোন কিছুই ভালো লাগে না। তাদের ভালো লাগে না রোগে পেয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, চার লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাতো তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। এসব দেখে একটি দলের ভালো লাগে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকারই করে দিয়েছে। দক্ষিণাঞ্চলে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টাপ্লান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমরা নদী ভাঙ্গন রোধে কাজ করছি। ড্রেজিংসহ নানা পদক্ষেপ নিচ্ছি। মাঠ প্রশাসনের কর্মকর্তারা আজকে দক্ষতার সঙ্গে কাজ করছেন। রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা এক সঙ্গে কাজ করছেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ব্যবস্থা শক্তিশালী হয়েছে। ইসি গঠন বিষয়ে আইন করে বর্তমান সরকার ইতিহাসের নতুন মাইলফলক সৃষ্টি করেছে। কিন্ত এসব বিএনপির ভাল লাগে না।
শামীম বলেন, ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে। এই মেট্রোরেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে। ঢাকা শহরে ফ্লাইওভার হওয়ার মধ্যে দিয়ে ঢাকা সিঙ্গাপুরের মতো হয়েছে। এই পরিস্থিতি তাদের ভালো লাগে না। যারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে তাদের ভালো লাগে না। কাদের ভালো লাগে না? যারা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছে, যাদের মনে সাম্প্রদায়িকতা প্রোথিত তাদের এদের কোনো কিছুই ভাল লাগে না। তাদের ভালো লাগে না রোগে পেয়েছে।










