বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরায় দলটির নেতারা প্রচণ্ডভাবে ‘আহত ও হতাশ’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বিএনপি প্রচণ্ডভাবে আহত হয়েছে। বিএনপি প্রচণ্ডভাবে হতাশ। ডাক্তাররা কেন তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিলেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করবো, তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির যে পথ বেছে নিয়েছিলেন, সেটি থেকে ফিরে এসে বরং মানুষের মন জয় করার জন্য কর্মসূচি দেবেন।











