spot_img
spot_img

ইসি গঠনে সুন্দর একটি সার্চ কমিটি হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইসি গঠন আইন অনুযায়ী সার্চ কমিটিতে সাংবিধানিক পদধারীদের এবং একজন নারীসহ সুশীল সমাজেরও দু’জনকে রাখা হয়েছে। তারা যে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং নিরপেক্ষ মানুষ হিসেবে অতীতে ভূমিকা রেখেছেন, তা সবাই স্বীকার করবেন। আমি মনে করি, সুন্দর একটি সার্চ কমিটি হয়েছে, তাদের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের দিয়ে বাংলাদেশে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেমনটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন ভবনে বঙ্গবন্ধু কর্নার, ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন এবং কোভিড সচেতনতার ভিডিও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিদেশিদের কাছে দেশবিরোধী অপপ্রচার চালানো না হলে দেশ আরও এগিয়ে যেতো। দুঃখজনক হলেও সত্য, দেশের একজন সাবেক দুইবারের প্রধানমন্ত্রী নিজের নামে ওয়াশিংটন টাইমস পত্রিকায় নিবন্ধ লিখেছেন যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে জিএসপি সুবিধা দিয়ে আসছিল, তা যেন বন্ধ করে দেয়।

তিনি বলেন, শুধু তাই নয়, দেশের একটি প্রধান রাজনৈতিক দল যারা দুইবার ক্ষমতায় ছিল, সেই দলের মহাসচিব নিজের দলের প্যাডে নিজে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য দেওয়ার বিষয়টি পুণর্মূল্যায়ণ করতে এবং সেটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে রাজনীতি থাকবে, অবশ্যই সরকারের সমালোচনা হবে, কিন্তু দেশের বিরুদ্ধে অপপ্রচার, দেশের ব্যবসা-বাণিজ্য, রফতানিকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার কখনো কাম্য নয়, সেটি দেশদ্রোহিতার শামিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ