করোনাভাইরাস মহামারির প্রকোপ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধিনিষেধ। এরই ধারাবাহিকতায় বিদেশি যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্ত শিথিল করেছে ভারত। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে পৌঁছানোর পর বিদেশি নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিধিনিষেধ শিথিলের এই নির্দেশনা জারি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে ওমিক্রনের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতির মুখে গত জানুয়ারি মাসের শুরুতে ভারতে পৌঁছানোর পর বিদেশি যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল দিল্লি।
নতুন বছরের শুরু থেকেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে বাড়ছিল সংক্রমণ। এ কারণে যেসব দেশে ওমিক্রন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল তাদের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেসব দেশ থেকে ভারতে পৌঁছানো যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছিল।
এখন বিশ্বজুড়েই সংক্রমণ অনেকটা নিম্নমুখী। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকাও বাতিল করেছে মোদি সরকার। এখন থেকে সকল দেশ থেকে ভারতে পৌঁছানো যাত্রীদের ক্ষেত্রে নিয়ম হবে একই।











