আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে শিগগিরই ইউক্রেন সফর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। রোববার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে এই আমন্ত্রণ জানান তিনি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
তবে আমেরিকা বলছে, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া। হামলার আশঙ্কায় ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ারও নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে রোববারেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়, ভলোদিমির জেলনস্কি টেলিফোনে জো বাইডেনকে বলেছেন, সামনে দিনে কিয়েভে আপনার সফর এই অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতি স্থিতিশীল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (প্রতিপক্ষের জন্য এটি) একটি শক্তিশালী সংকেত হবে এবং তা উত্তেজনা হ্রাসে অবদান রাখবে।
অবশ্য ইউক্রেন সফরের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির আমন্ত্রণের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। তবে ইউক্রেনের অজ্ঞাত এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেন সফরের বিষয়ে জেলনস্কি আমন্ত্রণ জানালেও ফোনালাপে সে বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেননি জো বাইডেন।











