দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব ইস্যূ ছড়িয়েছে গোটা দেশে। এমনকি হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পর আদালতে গড়ানো এই বিষয়টি নিয়ে সরব হয়েছে আমেরিকাও। এরই মধ্যে ভারতের এক কংগ্রেস নেতা বলেছেন, হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি।
রোববার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ জমির আহমেদ বলছেন, ইসলামে হিজাবের অর্থ হচ্ছে পর্দা। মেয়েরা বড় হলে অন্য মানুষের কাছ থেকে তাদের সৌন্দর্য লুকাতে পর্দা করতে হয়। আজ আপনারা দেখবেন যে, আমাদের দেশে (ভারতে) ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর পেছনে কারণ কী? এর কারণ হচ্ছে- কিছু নারী হিজাব পরেন না।
বার্তাসংস্থা এএনআইয়ের কাছে তিনি আরও বলেন, হিজাব পরা বাধ্যতামূলক না। যারা নিজেদের রক্ষা করতে চায় এবং যারা নিজেদের সৌন্দর্য সবার কাছে প্রকাশ করতে চান না তারাই কেবল হিজাব পরেন। হিজাব পরার রীতি ভারতে বহু বছর ধরে প্রচলিত রয়েছে।












