নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটির চতুর্থ বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের এ কথা জানান। ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির বৈঠক শেষে আজ সাংবাদিকদের ব্রিফিংকালে সামসুল আরেফিন জানান, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে। আগামী শনিবার সকাল ১১টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক হবে।
বোধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয় এবং রাত ৮ টার দিকে শেষ হয়।
সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত শনিবার, রোববার ও গতকাল মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছেন সার্চ কমিটি।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়েছে। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি। নামগুলো মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিশিষ্ট নাগরিকগণের অনেকে প্রস্তাবিত নাম প্রকাশ করার বিষয়ে মত দেন। বৈঠকে প্রস্তাবিত নামগুলো প্রকাশের কথা জানিয়েছিলেন সার্চ কমিটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সে অনুযায়ী নামগুলো প্রকাশ করা হয়েছে।










