বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১২ বছরে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন-সংগ্রাম দমন করতে তারা বিভিন্ন কায়দায় দমন-নিপীড়ন চালিয়েছে। দেশ-বিদেশ থেকে যখন আওয়ামী সরকারের ‘বর্বর শাসনের’ বিরুদ্ধে ধিক্কার উঠছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের যখন নাভিশ্বাস অবস্থা- তখন বর্তমান সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আদিম হিংস্রতা শুরু করেছে। ক্ষমতাসীনরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবে না। অচিরেই তাদের পতন হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলাধীন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতির বাসায় আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। এছাড়াও জিঞ্জিরায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর নেতাকর্মীদের ওপর পুলিশী হামলা ও তাদেরকে আহত করার ঘটনা নিঃসন্দেহে কাপুরুষোচিত।
তিনি বলেন, ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ কর্তৃক আজকের এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। এ ধরনের হামলায় আবারো প্রমাণিত হলো- বর্তমান আওয়ামী লীগ সরকার কতটা নির্মম, অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী।










