জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, একুশের অবিনাশী চেতনা আমাদের স্বাধিকার ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম অনুপ্রেরণা যুগিয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামে সাহস ও শক্তির অনন্য উৎস ছিল আমাদের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলন। বাহান্নর ভাষা আন্দোলন সারা বিশ্বে ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিজয়ের প্রতীক হয়ে থাকবে। বিশ্বের প্রতিটি মানুষের সব অধিকার সমুন্নত রাখার সংগ্রামে আজীবন উৎসাহ যোগাবে আমাদের মহান ভাষা আন্দোলন।
রোববার (২০ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, মায়ের ভাষার জন্য জীবন দেওয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদের। তাই বাহান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অমর একুশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
তিনি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে শোক, শ্রদ্ধা আর ভালোবাসার আখরে লেখা এক রক্তস্নাত স্মৃতিবহ দিন।










