ভাষার মর্যাদা কমিয়ে ইংরেজিকে ব্যবহার করবেন না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধশালী ভাষা। আমরা আমাদের ভাষার মর্যাদা কমিয়ে ইংরেজিকে ব্যবহার করবো না। আমি এমন কথা বলি না যে, ইংরেজি ব্যবহার করব না, কারণ সারা বিশ্বে চলতে গেলে আমাদেরকে ইংরেজি ব্যবহার করতে হবে, কিন্তু বাংলা ভাষার মর্যাদা কমিয়ে ইংরেজিকে ব্যবহার করবো না। শহীদ দিবসে এটাই হোক আমাদের প্রত্যয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯৪৮ সালে সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা আমাদের রাষ্ট্র ভাষা হবে এই দাবি জানিয়েছিলেন। ১৯৫২ সালে তিনি যখন কারাগারে ছিলেন, তখন রাষ্ট্রভাষার আন্দোলনে শরীক হয়ে তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের গুলিতে সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে নিহত হন। ভাষার জন্য কোনো জাতি রক্ত দিয়েছে এরকম নাই। যারা ভাষার জন্য, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন ভাষা শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা; ৩০ লক্ষ মা বোন যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞা জানাই।
তিনি বলেন, শেখ হাসিনা ২১শে ফেব্রুয়ারিকে সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে সম্মান করার এবং স্বীকৃতি দেয়ার ব্যবস্থা করেছে। এখন একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সকল উন্নয়ন প্রকল্পে তাকে সহযোগিতা করে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে যেতে পারি।










