ইউক্রেনে রাশিয়ান সেনা হস্তক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার অনুচিত ও বেআইনি আক্রমণ অবসানের আহ্বান জানায় আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, আমরা ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর অভিযানকে অগ্রহণযোগ্য বলে মনে করছি এবং তা প্রত্যাখ্যান করছি। এ হস্তক্ষেপ শুধু মিনস্ক চুক্তি ভঙ্গ করাই নয়, অধিকন্তু আন্তর্জাতিক আইনেরও এটি একটি বড় লঙ্ঘন। এবং এটি আমাদের অঞ্চল ও বিশ্ব নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি তৈরি করছে।
এতে আরো বলা হয়, ইউক্রেনের রাজনৈতিক ঐক্য, স্বায়ত্তশাসন ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণের সবুজ সঙ্কেত দেওয়ার কিছু পরই এ প্রতিক্রিয়া জানালো তুরস্ক। পুতিন এর আগে ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাকামী অঞ্চল- দোনেৎস্ক ও লুগানস্কের স্বাধীনতার স্বীকৃতি দেন।
সূত্র: আনাদোলু এজেন্সি











