spot_img

বিএনপি ৫০ বছরেও ক্ষমতায় আসবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী ৫০ বছরেও বিএনপির রাষ্ট্রের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এ কারণে তারা হতাশ। আর হতাশ হয়েই তারা নানা ধরনের মিথ্যাচার করে রাস্তায় নামছে। একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা তারা অব্যাহত রেখেছে। কারণ তারা জানে উন্নয়ন-অগ্রগতির ধারা যদি অব্যাহত থাকে এ দেশের জনগণ সবসময় শেখ হাসিনার প্রতি আস্থাশীল থাকবে।

শনিবার (৫ মার্চ) দুপুরে বি.বাড়িয়ার দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, কিছুদিন আগে বিএনপির নেতারা বললেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে, রাজনৈতিক কর্মসূচিও দেওয়া শুরু করলেন। তারা বিএনপি নেত্রীর মুক্তি চাইলেন। খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি। কারা বিধান অনুযায়ী তিনি সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর মানবিক দিক বিবেচনায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। এরপর বিএনপি নেতারা দাবি করলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এখন বাড়িতে আছেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেতারা নতুন ইস্যু তৈরি করলেন নির্বাচন কমিশন নিয়ে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নির্বাচন কমিশন গঠনে গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ পন্থা অবলম্বন করেছেন। আমাদের দেশে যেহেতু নির্বাচন কমিশন আইন ছিল না, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করলেন। পরামর্শ করে তাদের দেওয়া নামের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে; সার্চ কমিটির নামগুলো যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এটাই ছিল গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা।বিএনপি তখন বেঁকে বসলো, তারা আলোচনায় অংশগ্রহণ করলেন না। দাবি করলেন নির্বাচন কমিশন আইনের।

তিনি বলেন, নির্বাচন কমিশন আইন সংসদে উত্থাপিত হলো। সেখানে তাদের দেওয়া ২২টি বিষয়ে সংশোধন করা হলো। ইতোপূর্বে বাংলাদেশের ইতিহাসে এমন নজির নেই, যেখানে বিরোধী দলের আপত্তি করা এতগুলো বিষয় সংশোধন করা হয়েছে। তারা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, দুপুরে বললে রাতে আরেক কথা বলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ