জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ২০২২-২৪ সেশনের প্রথম কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকালে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়ত সভাপতি শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার শিথিলতার পরিচয় দিচ্ছে যা কখনো কাম্য হতে পারেনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধকে মানববিধ্বংসী আখ্যায়িত করে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘকে ভূমিকা পালনের আহবান জানান নেতৃবৃন্দ। ভারত ও ফিলিস্তিনসহ সারাবিশ্বে মুসলিম নির্যাতনের রাষ্ট্রীয় প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জমিয়ত নেতারা আহবান জানান।
এছাড়া মজলিসে আমেলার ওই বৈঠকে হেফাজতের মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত জমিয়ত নেতৃবৃন্দসহ আলেম উলামাদের নিঃশর্ত মুক্তিদাবী করেন তারা।
সভায় উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল বসীর, যুগ্ম-মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মুহাম্মাদ উল্লাহ জামী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলিলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুর রহমান ছিদ্দিকী প্রমুখ।










