বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, চাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অতিষ্ঠ। দেশে মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। সরকারকে চলমান সংকট নিরসন করতে হবে।
তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ সকলের কাছে তুলে ধরতে হবে। খোলাফায়ে রাশেদার অনুকরণে খেলাফত পদ্ধতির রাষ্ট্র কায়েম হলে দেশে শান্তি আসবে।
রবিবার (৬ মার্চ) বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন খুলনা মহানগর কমিটি পূর্ণগঠন উপলক্ষে মরকাজুল উলুম খুলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের খুলনা মহানগরীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মারকাজুল উলুম খুলনার নায়েবে মুহতমিম মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, মুফতী ইউনুস আহমাদ, মাওলানা জাকির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, খেলাফত আন্দোলন বস্তুবাদি কোন আন্দোলন নয়, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি নয়, খেলাফতের রাজনীতি একটি ইবাদত। নবী-রাসুল থেকে যুগে যুগে বুজুর্গানে দ্বীন এই কাজে নেতৃত্ব দিয়েছেন।
মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, কুরআন-সুন্নাহর শাসন ছাড়া দেশে শান্তি আসতে পারে না। কুরআনে জনগণের মৌলিক ও নাগরিক অধিকার সংরক্ষিত আছে।
মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, বর্তমান বিশ্বে সংকটময় মুহূর্তে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সা.-এর মত সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাঁর পদাংক অনুসরণ করতে হবে।
সভায় মাওলানা হাবিবুর রহমানকে আমীর ও মুফতী ইবরাহীম খলীলকে সেক্রেটারি করে খুলনা মহানগর কমিটি পূর্নগঠন করা হয়।










