ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী দেশে একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার নানান প্রকল্প হাতে নিয়েছে।
রবিবার (৬ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি জ্যাকব বলেন, আওয়ামী লীগ সরকারের গৃহীত অনেক দারিদ্র বিমোচন কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এজন্যই আওয়ামী লীগ সরকারই দরিদ্র মানুষের আস্থায় স্থান অর্জন করেছে। আগামী কয়েক বছরের মধ্যে গ্রাম অঞ্চলে কোনও দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।
এমপি জ্যাকব আরও বলেন, একটি এলাকার উন্নয়নের জন্য নেতৃত্বের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। নেতৃত্বের ধারবাহিকতা ছিলো বলেইে চরফ্যাশন-মনুপুরায় যে উন্নয়ন করেছি এবং উন্নয়ন ধারা অব্যহত রাখতে পেরেছি। আবারও সুযোগ পেলে চরফ্যাশন ও মনপুরাবাসীর কোনও দাবী অবশিষ্ট থাকবে না।










