আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু এক ও অভিন্ন। এই স্লোগান একে অপরের পরিপূরক। ‘জয় বাংলা’কে যেমন জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, একইভাবে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানকেও জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিতে হবে। কারণ ‘জয় বাংলা’ ছাড়া ‘জয় বঙ্গবন্ধু’ হয় না। এটি বাঙালির হৃদয়ে একই স্লোগান হিসেবে মিশে আছে।
বুধবার (৯ মার্চ) শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু মেলা-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
ইকবাল হোসেন অপু বলেন, ‘জয় বাংলা’র পর ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানই মানুষকে সবচেয়ে বেশি সাহসী করেছে। তরুণ মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় এই স্লোগান দিয়ে অনুপ্রাণিত হয়ে সাহস-শক্তি সঞ্চার করে মুক্তিযুদ্ধের সময় শত্রুর সঙ্গে যুদ্ধ করেছে। মন্ত্রিপরিষদ যদি ‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে যদি‘জয় বঙ্গবন্ধু’ কেও জাতীয়ভাবে সংযুক্ত করতো তাহলে মুক্তিযোদ্ধারা, বাঙালি জাতির যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, স্বাধীনতার যুদ্ধকে বিশ্বাস করে তারা আরও বেশি খুশি হতো।










