আওয়ামী লীগের নেতারা নিরাপদ দেশের খোঁজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা নিরাপদ দেশের খোঁজ শুরু করেছেন। কিন্তু আমেরিকা-কানাডা তাদের দুয়ার আগেই বন্ধ করে দিয়েছে। দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পেতে আওয়ামী লীগ সরকারের খুব দ্রুত পতন ঘটানো হবে।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে বগুড়া সদর উপজেলার শহরতলির শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, দুর্নীতি দুঃশাসন, লুট, খুন ও মুদ্রা পাচারে যারা শিরোপা অর্জন করেছে, তাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের নাগরিক হিসেবে অহংকার বোধের কিছু নেই। এটা লজ্জা এবং অপমানের। পৃথিবীতে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ মানুষ হিসেবে, সেই হিসেবে আমরা যদি শ্রেষ্ঠত্ব দাবি করতে চাই, আমাদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের, অন্যের নয়।










