বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমার কেনো জানি মনে হয় দেশে ২০২২ সালের মধ্যে একটি পরিবর্তনের ঝড় উঠবে। এ ঝড় গণতন্ত্রের, স্বাধীনতার ও ১৯৭১ সালে যারা শহীদ হয়েছিল তাদের স্বপক্ষে।
শনিবার (১৯ মার্চ) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।
খোন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমেদের রুহের মাগফেরাত কামনা করে শামসুজ্জামান দুদু বলেন, জাতির জন্য, রাজনীতির জন্য এ দুজনের যে অবদান তা ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিলেও শেষ হবে না।
তিনি বলেন, তথাকথিত ওয়ান ইলেভেনের সময় মৃত্যুপথযাত্রী হয়েও খন্দকার দেলোয়ার হোসেন গণতন্ত্রের স্বপক্ষে ভূমিকা নিয়েছিলেন। খন্দকার দেলোয়ার, মওদুদ আহমেদ আজীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে গেছেন। আমরা যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই তাহলে এ দুজনকে স্মরণ করতে হবে, বন্ধু ভাবতে হবে, নেতা ভাবতে হবে।










