বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে সফলতা তুলে আনতে হবে।
আজ শনিবার (১৯ মার্চ) রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বানিজ্যমন্ত্রী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা প্রকৃত পক্ষে আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কোনদিন দলের ক্ষতি করতে পারেন না। সামনে জাতীয় নির্বাচন, সততার সাথে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।










