নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতারা সব লুটেপুটে খাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
শনিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
একরামুল করিম চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে বর্তমান আহ্বায়ক কমিটি। এ কমিটির আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম একজন অত্যাচারী। তিনি নিজেকে জনপ্রিয় দাবি করলেও তাকে এ অঞ্চলের মানুষ পছন্দ করেন না। আর যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন তিন থেকে পাঁচ লাখ টাকা ঘুস নিয়ে সরকারি বিদ্যালয়ের পিয়ন নিয়োগ দিয়েছেন। একজন গরীব লোক যদি তিন থেকে পাঁচ লাখ টাকা ঘুস দিয়ে চাকরি নেন, তখন তো সে এ চাকরি করে সংসার চালাতে পারবে না। ফলে সে পিয়নগিরি না করে ধানাই-পানাই করবে, শিক্ষকদের কথা শুনবে না।










