আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় দেশকে ভিক্ষুকের দেশ বানিয়ে দিয়ে গিয়েছিল। দেশের সম্পদকে নষ্ট করেছে। সেই ভিক্ষুক থেকে দেশকে উন্নত দেশে পরিণত করছে শেখ হাসিনা সরকার। ডিজিটাল করছে দেশের সর্বস্তরে। আগামীতে যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে, দেশ শুধু এগিয়ে যেতে থাকবে। পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষ এখন বুঝে গেছে এই সরকার বারবার দরকার।
রোববার (২০ মার্চ) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে যে শান্তিতে রেখেছেন, এটা আর কেউ পারেননি। মানুষ সব কাজ শান্তিপূর্ণভাবে করতে শিখেছে। এখন আর কেউ অশান্তিতে থাকতে চায় না। আমরা চাই পাহাড়ের মানুষও সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যাবে। আরও সমৃদ্ধ হবে আওয়ামী লীগ দল। পাহাড়ে আগের চেয়ে শান্তি সৃষ্টি হবে অনেক গুণ বেশি। এই সরকার ক্ষমতায় থাকলে পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি থাকবে না। কারণ এই সরকার শান্তিচুক্তি করেছিল।










