spot_img

বিএনপি দুর্নীতি নিয়ে কথা বললে দেশের মানুষ শুধুই হাসে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তারা দলীয় গঠনতন্ত্র থেকে দুর্নীতিবিরোধী ধারা অপসারণ করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের পরিচিত করেছেন। যাদের শাসনামলে বাংলাদেশকে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্কতিলক পরতে হয়েছিল, সেই বিএনপি দুর্নীতি নিয়ে কথা বললে দেশের মানুষ শুধুই হাসে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে সরকারি নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দুর্নীতি দমন কমিশনে গিয়ে যে মহড়া দিয়েছেন, তা নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা মাত্র। কথিত আন্দোলন আর অভ্যুত্থানের রঙিন খোয়াব ভেঙে যাওয়ায় জনগণের নজর এখন ভিন্ন দিকে নিতে চান তারা। কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে তারা দুদকে দুর্নীতির তথ্য দেওয়ার নামে নাটকীয়তার আশ্রয় নিচ্ছেন।

বিএনপি নেতাদের উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, আপনাদের অনেক অপকর্মের তথ্যই সরকারের কাছে আছে। কে কোথায় বৈঠক করছেন, কাকে টাকা দিচ্ছেন, সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রবিরোধী কাজে উসকানির জন্য দুর্নীতি করে উপার্জিত অর্থ বিনিয়োগও করছেন। সব খবর সরকারের কাছে আছে। এসব অপরাধীরা কেউই ছাড় পাবে না।

তিনি বলেন, শেখ হাসিনার সততা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। আজ যারা বড় বড় কথা বলছেন, লোক দেখানো নাটক করছেন, তাদের শাসনামলে নিজ দলের এমপি, মন্ত্রী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের একটি প্রমাণও তারা দেখাতে পারবেন না। বিএনপির শাসনামল আর দুর্নীতি সমর্থক হয়ে গিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ