তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে, তারা আবার সুরসুর করে ভারতীয় হাইকমিশনের ইফতারেও যায়। আশা করি তাদের ভারতবিরোধী এ অপরাজনীতি বন্ধ হবে।
মঙ্গলবার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সোমবার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের চারজন নেতার অংশগ্রহণ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি দেখতে পেলাম বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে, ভারতবিরোধী বক্তব্য দিয়ে প্রেস ক্লাব ও নয়াপল্টনের আঙিনা গরম করে, টেলিভিশনের পর্দা গরম করে, যাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় ভারতবিরোধিতা, নির্বাচন এলে যাদের ভারতবিরোধী বক্তব্য বেড়ে যায়, সেই তারাই আবার সুরসুর করে ভারতীয় হাইকমিশনে ইফতার করতে গিয়েছেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, একদিকে দেশে এসে ভারত বিরোধিতা করেছে আবার ভারতে গিয়ে নতজানু নীতি অবলম্বন করছে। তাদের নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারতবিরোধী বক্তব্য দেন। ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী গরম বক্তৃতা করেন।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান। এ মৈত্রী রক্তের অক্ষরে লেখা। অথচ আমাদের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদানকে অস্বীকার করার চেষ্টা করে ভারতবিরোধীরা।










