spot_img

‘ধর্ম ও সংস্কৃতির মধ্যে সংঘাত সৃষ্টি করতে কিছু স্বার্থান্বেষী মহল রয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়। আবার, আমাদের নতুন যুগের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

তিনি বলেন, ধর্ম ও সংস্কৃতির মধ্যে সংঘাত সৃষ্টি করতে কিছু স্বার্থান্বেষী মহল রয়েছে। এটি মোটেও ঠিক নয়।

বুধবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুরে শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন উদ্‌বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাংস্কৃতিক সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে সারা দেশের সব উপজেলায় একটি করে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সারা দেশের ৪৯৩টি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলব, যাতে প্রতিটি উপজেলার আমাদের শিশুরা তাদের সাংস্কৃতিক সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়।

অনুষ্ঠানটি ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়, আবার আমাদের নতুন যুগের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তির যুগে আমাদের এগিয়ে যেতে হবে, এটা সবাইকে মনে রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা সব সংস্কৃতি বিকাশের সুযোগ তৈরি করেছি। আমাদের সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে, যাতে এগুলো আরও বিকাশ লাভ করতে পারে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক সচিব মো. আবুল মনসুর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তব্য দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ