মুসলমানদের প্রথম ক্বিবলা পবিত্র বাইতুল মুকাদ্দাসে মুসল্লিদের ওপর ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী পুলিশের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আজ শনিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমীর ও মহাসচিব এ নিন্দা জানান।
নেতৃদ্বয় বলেন, মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ইসরাইলীরা হামলা চালিয়ে বিশ্বের ১৮০ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। মুসলমানদের প্রথম ক্বিবলায় ইহুদী সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রতিবছর পবিত্র রমজানে ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনি মুসলমান ও পবিত্র বাইতুল মোকাদ্দাসের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দেয়। তারা প্রতি রমজানে মুসলমানদের রক্ত ঝরানোকে নিয়ম বানিয়ে নিয়েছে। আর বিশ্বের ১৮০ কোটি মুসলমান তা দেখেও চুপ করে বসে আছে। এরচেয়ে লজ্জার আর কি হতে পারে!
হেফাজত নেতৃদ্বয় বলেন, বাইতুম মোকাদ্দাস রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়, বরং বিশ্বের সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির প্রধান দায়িত্বই হচ্ছে বাইতুল মোকাদ্দাসকে রক্ষা করা। একারণেই ওআইসি গঠন করা হয়েছিলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ওআইসি আজ ফিলিস্তিন ইস্যুতে অবেকটাই অকার্যকর।
হেফাজতের আমীর ও মহাসচিব বাংলাদেশ সহ বিশ্বের সকক মুসলিম রাষ্ট্র সমুহকে ইসরায়েলী বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এবং শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি শোক সহমর্মিতা প্রকাশ করেন।











